ছাতক প্রতিনিধি ::
ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের পিডি অফিসে চুরির ঘটনা ঘটেছে। শ্রমিক-কর্মচারীদের দাবি কারখানার বিগত দিনের প্রায় দেড় হাজার কোটি টাকার নির্মাণকাজের অনিয়ম-দুর্নীতির নথি গায়েব করতে রহস্যজনক একটি চুরির ঘটনা সাজানো হয়েছে।
এদিকে, কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) প্রশাসন কামরুজ্জামান শেখ জানান, বৃহস্পতিবার অফিস সময় শেষে রুম তালা দেয়া হয়। রবিবার সকালে অফিস খোলে দেখা যায় টেবিলের উপরে থাকা বিকল একটি ল্যাপটপ ও একটি সিলিং ফ্যান খোলে নিয়ে গেছে চুরেরা। এছাড়াও এসময় বাথরুমর কিছু যন্ত্রপাতিও খোলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অফিস বন্ধ থাকা অবস্থায় বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকে এসব নিয়ে যায়।
ছাতক সিমেন্ট কোম্পানির কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন জানান, যেভাবে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকেছে দেখানো হয়েছে, তা কিছুতেই সম্ভব নয়। এটা একটি রহস্যজনক ঘটনা মনে হচ্ছে। কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা কারখানাকে নিয়ে তামাশা শুরু করেছেন।
ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল জলিল জানান, প্রাথমিক তদন্তে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা চোরদের খোঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।