স্টাফ রিপোর্টার ::
শুল্ক স্টেশন ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ তাহিরপুর উপজেলাকে আর অবহেলা বা বঞ্চনার শিকার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, এই উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই। জনগণই আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই আগামী দিনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি, হয়রানি বা দখলবাণিজ্য সহ্য করা হবে না। এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কথার চেয়ে কাজে তা প্রমাণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুর উপজেলা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমি একা সবকিছু করতে পারবো না। সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে হাওরাঞ্চলের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও নজরদারি নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।