স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চারটি গ্রামে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতগাঁও, অনন্তপুর, বসন্তপুর ও বাগুয়া গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তাহিয়া একাডেমি ও আদর্শ ভেটেরিনারি ফার্মেসির যৌথ উদ্যোগে এবং বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে এ সেবা প্রদান করা হয়। কর্মসূচিতে ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র স্থানীয় খামারিদের গবাদিপশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শ এবং সরকারি মূল্যে প্রয়োজনীয় টিকা প্রদান করেন।
এ উপলক্ষে তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক, উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদর্শ ভেটেরিনারি ফার্মেসির স্বত্বাধিকারী আল মামুন, ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গবাদিপশু দেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। খামারিদের জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে পশুর সুস্থতার ওপর নির্ভরশীল। কিন্তু সচেতনতার অভাব ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক সময় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং পশুস¤পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
তারা আরও জানান, ভবিষ্যতেও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় এ ধরনের সেবা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। স্থানীয়রা এ উদ্যোগের জন্য তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা শফিউল আলমকে ধন্যবাদ জানান।