সুনামকণ্ঠ ডেস্ক ::
পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি স্থানে এনসিপির নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০টির বেশি স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালিয়ে আছেন।
সারজিস আলম বলেন, বিএনপি এখনও প্রতিহিংসার পুরোনো রাজনীতি চালিয়ে যেতে চায় কি না, তা দলটিকে স্পষ্ট করতে হবে।
তিনি উল্লেখ করেন, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন এবং ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এসব ঘটনায় জড়িত, তাদের ‘অতি উৎসাহী’ উল্লেখ করে তিনি সংশোধনের আহ্বান জানান। অতীত থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হন সারজিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। অন্যদিকে, শাপলা কলি প্রতীক নিয়ে সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।