জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষ ও হামলার ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধ ছিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের রাজন মিয়া ও কাদিপুর গ্রামের জয়নাল মিয়ার মধ্যে। এ ঘটনার জের ধরে গত ২৪ জানুয়ারি জগদীশপুর দাখিল মাদ্রাসায় জলসা চলাকালীন মেলার মাঠে রাজন মিয়ার লোকজনের হামলায় কাদিপুর গ্রামের জয়নাল মিয়া, ইন্তাজুল মিয়া, রাহুল মিয়া ও জুনেদ মিয়া আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোন নিষ্পত্তি হয়নি। পরে ৯ ফেব্রুয়ারি রাতে কাদিপুর ব্রিজ এলাকায় হামলার শিকার হন রাজন মিয়া। তার অবস্থা গুরুতর। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে জগদীশপুর দাখিল মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার জানান, আমি কোন সংঘর্ষের সাথে জড়িত নই। তবুও শুনেছি আমাকে হয়রানি করার চেষ্টা চলছে।