সুনামকণ্ঠ ডেস্ক ::
সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-১ এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন।
অসুস্থ জামায়াত নেতার বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে জামায়াতের আমির বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছে। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্টবিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কোন পর্যায়ে। উনি আশঙ্কামুক্ত না।
এদিকে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। সাথে ছিলেন জেলা জামায়াতের দপ্তর স¤পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা আনুমানিক ৭৪ লাখ টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়। সেসময় জিজ্ঞাসাবাদে আমির বেলাল উদ্দীন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয় হয়।