স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ জনসভায় ভোট চাইলেন মনোনয়নবঞ্চিত সবাই। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান। সব বিভেদ ভুলে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে উপস্থিত সবাইকে আহ্বান জানান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার হাইস্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় এই আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী আনিসুল হক, ব্যারিস্টার হামিদুল হক লিটন, সালমা নজির ও নিজাম উদ্দিন ধানের শীষের পক্ষে কামরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই বক্তারা সবাই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কামরুজ্জামান কামরুলের শেষ নির্বাচনী জনসভায় নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।
মনোনয়নবঞ্চিত মো. আনিসুল হক বলেন, আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম। পরে কামরুল মনোনয়ন পান। এখন আগামীর সুন্দর বাংলাদেশের জন্য, উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কামরুলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
অপর মনোনয়নবঞ্চিত সালমা নজির বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। কামরুলকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রযাত্রা। দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অপর মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, ধানের শীষ আমরা চেয়ে পাইনি। এতে ক্ষোভ নেই। আমাদের প্রার্থী কামরুল। তাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। অবহেলিত এলাকার উন্নয়ন করতে হবে।
অপর মনোনয়নবঞ্চিত নিজাম উদ্দিন বলেন, ধানের শীষ কামরুল ভাইয়ের হাতে। তাকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় শরিক হতে হবে।
নির্বাচনী শেষ জনসভায় এভাবে মনোনয়নবঞ্চিত নেতারা কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক খসরুামান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাদির আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল প্রমুখ।