স্টাফ রিপোর্টার ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করে এ ফল প্রকাশ করে। জেলা ভিত্তিক ফলাফলে দেখা গেছে, সারা দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সুনামগঞ্জ জেলা থেকে। এ জেলা থেকে মোট ৬৩৫ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, যা দেশের অন্য সব জেলার তুলনায় সর্বোচ্চ।
প্রকাশিত ফলাফলে ৬১টি জেলার উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে। সুনামগঞ্জের পর চট্টগ্রাম জেলা থেকে ৫৫১ জন, কুমিল্লা থেকে ৫০৮ জন, কুড়িগ্রাম থেকে ৪৯৩ জন, সিলেট থেকে ৪৭৯ জন এবং দিনাজপুর থেকে ৪৮১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মাদারীপুর জেলা থেকে। এ জেলা থেকে মাত্র ৭৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ফলাফল অনুযায়ী, মৌলভীবাজারে ৩৬৫ জন, হবিগঞ্জে ২৪২ জন, নেত্রকোণায় ১৭৬ জন, কিশোরগঞ্জে ২৭৫ জন এবং ময়মনসিংহে ২৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য সনদে কেউ নিয়োগের অযোগ্য হিসেবে চিহ্নিত হলে তাকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য সশরীরে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে। এ সময় প্রার্থীদের সব শিক্ষাগত সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ, ডোপটেস্ট রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদ সঙ্গে আনতে হবে।