ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থনে আলোচনা সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাঘবাড়ি এলাকায় এ মতবিনিময় সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু।
তিনি বলেন, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত, ভদ্র ও পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। সাবেক সংসদ সদস্য থাকাকালীন তিনি ছাতক-দোয়ারাবাজার এলাকায় শিল্পকারখানা স্থাপন, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা গত ১৫ বছরে হওয়া উন্নয়নের তুলনায় অনেক বেশি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে সুনামগঞ্জ-৫ আসনে মন্ত্রিত্ব আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের কন্যা মৌ আহমেদ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আপনারা বারবার আমার বাবাকে সংসদে পাঠিয়েছেন। তিনি আপনাদের পরীক্ষিত নেতা। গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে কোথাও চলে যাননি। এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় সংসদে জোরালো ভূমিকা পালন করবেন। জীবনের শেষ সময়টুকু তিনি জনগণের সেবায় উৎসর্গ করতে চান। বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলনের জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব চন্দ্র পাল, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির ও সাধারণ সম্পাদক তাজির আলী প্রমুখ।
সভায় ১০ বছর বয়সী শিশু ছায়েমের কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মতবিনিময় সভা ও প্রচার মিছিলে দক্ষিণ বাগবাড়ি, লেবারপাড়া, পেপার মিল, রহমতবাগ ও ব্যাটারি গলি থেকে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।