স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাই নদীতে নির্মিত রাবারড্যামের রাবারে ছিদ্র দেখা দেওয়ায় পানি সংরক্ষণ ব্যাহত হচ্ছে। ফলে রাবারড্যামটি যথাযথভাবে ফুলে উঠতে না পারায় হাজারো একর জমির আবাদ পানিসংকটে পড়েছে। এতে কৃষকেরা চরম হতাশার মধ্যে রয়েছেন এবং সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
শুক্রবার বিকেলে ধলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা রাবারড্যামটি ফুলিয়ে পানি সংরক্ষণের চেষ্টা করেন। এ সময় রাবারের বিভিন্ন অংশ ফুলে না ওঠায় তারা রাবারে ছিদ্র থাকার বিষয়ে সন্দেহ করেন। স্থানীয় কৃষকেরাও প্রশ্ন তুলেছেন, ছিদ্র না থাকলে কেন রাবারড্যামটি সঠিকভাবে ফুলছে না।
সমবায় সমিতির সদস্যরা জানান, স্থানীয় কৃষকদের সহযোগিতায় রাবারের বিভিন্ন অংশ সংস্কার করে তা ফুলিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে রাবারে পানি প্রবেশের সংযোগ পাইপে জং ধরে তা জরাজীর্ণ হয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি প্রবেশ করানো সম্ভব হয়নি। এতে রাবারের বিভিন্ন স্থানে ফুটো দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ধলাই নদীতে এই রাবারড্যাম নির্মাণ করা হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর রাবারড্যামের রাবারে ছিদ্র দেখা দিয়েছে। একই সঙ্গে ড্যামের সঙ্গে সংযুক্ত পাইপ ও বালভ (পাত) নষ্ট হয়ে যাওয়ায় পানি সংরক্ষণ কার্যক্রম স¤পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ধলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ স¤পাদক জাকির হোসেন বলেন, স্থানীয় কৃষকদের নিয়ে আমরা রাবারড্যাম ফুলানোর চেষ্টা করেছি। কিন্তু সংযোগ পাইপগুলোতে জং ধরে ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত পানি প্রবেশ করানো যায়নি। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।
সমবায় সমিতির সভাপতি আদম আলী বলেন, মাত্র ১৮ বছর আগে নির্মিত রাবারড্যামে এভাবে ছিদ্র ও পাইপে সমস্যার কারণে কৃষকেরা মারাত্মক দুশ্চিন্তায় পড়েছেন। সামনে বোরো মৌসুম, অথচ পানি সংকটে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক মুজিবুর রহমান, তমিজ উদ্দিন, ইসরাইল হোসেন, হাবিবুর রহমান, সুমন মিয়া, মাইন উদ্দিন, আব্দুল খালেক, মোশারফ হোসেন, ইউনুছ আলী, বাহার উদ্দিন, আওয়াল মিয়া, আল আমিন, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মিঞা হোসেন, আলী হোসেন, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ধলাই নদীর রাবারড্যামে ছিদ্র হওয়ার ঘটনাটি আজ জেনেছি। তাই এটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।