জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুস্তাক আহমদ বলেছেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলে ধনী-গরীব বৈষম্য থাকবে না। সমান সুযোগ-সুবিধা প্রদানে সবার জন্য কাজ করবো। ইসলামী চেতনায় দেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাবো। ইতোমধ্যে আমার দেয়াল ঘড়ি প্রতীকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।
শনিবার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নুরুল ঈমান, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক আবু তাজওয়ার, পৌর কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।