ছাতক প্রতিনিধি ::
ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন তালুকদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার সহযোগী সাজিদ মিয়াকে আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।
দন্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং লক্ষ্মীবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। অপর আটককৃত সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলীর ছেলে। তিনি একটি এস্কেভেটরের চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইন্দার হাওর এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত মাটি উত্তোলনের সত্যতা পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দ- প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, ফসলি জমি ও সরকারি জমির মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।