মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই জনকে কারাদন্ড

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর শাখা মাহারাম নদীর উৎসমুখ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু এবং তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর উৎসমুখের ডিপচর নামক এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিক মিয়া (২৫) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে আক্তার মিয়া (২৫)। পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড- প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে দিন-রাত মাহারাম নদীর উৎসমুখের ডিপচর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের দাবি, গুটিলা ইউনিয়ন পরিষদের পেছনের মাহরাম নদীর ডিপচর এলাকা থেকে গত প্রায় দুই মাস ধরে রাতের আঁধারে পিকআপ ভ্যানে এবং দিনে অটোরিকশায় করে হাজার হাজার ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু জানান, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com