স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে উজ্জ্বল মিয়া (৩৫)-এর বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উজ্জ্বল মিয়া ছমেদ মিয়ার পুত্র। বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ক্যাপ্টেন শাকিল মাহমুদ (বিএ-১০৭০১)-এর নেতৃত্বে মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি তলোয়ার, ৪টি দেশীয় রামদা, ৩টি দেশীয় কুড়াল, ৪টি দেশীয় দা, ৪টি বটি, ৫টি বড় ছুরি, ৪টি ছোট চাকু, ১৭টি টেঁটা, ৫টি ফলা, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, ১টি চায়না চাকু ও ১টি বল্লম। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।