স্টাফ রিপোর্টার ::
“কামরুল-আনিসুল ভাই ভাই, ধানের শীষে ভোট চাই” - এই স্লোগানে মুখর হয়ে ওঠে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর। দলীয় ঐক্যের শক্ত বার্তা দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হক ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত নেতা আনিসুল হকের নিজ বাড়িতে আয়োজিত এক সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তারা এই আহ্বান জানান।
সমাবেশে আনিসুল হক বলেন, আমরা সবাই মিলে ধানের শীষের প্রতীককে বিজয়ী করবো। দলীয় মনোনীত প্রার্থীকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবো।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগেও যেমন আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও আরও বেশি করে পাশে থাকবো।
ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি। দলীয় প্রতীকের জন্য আমরা দু’জনই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত মনোনয়ন আমি পেয়েছি। কিন্তু তাই বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে - এমন নয়।
তিনি বলেন, আনিসুল হক ভাইকে সামনে রেখেই, যোগ্য সম্মান দিয়ে অভিভাবক হিসেবে মেনে নিয়েই আমি পথ চলবো। দলের ভেতরে কেউ কাউকে হুমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই ভাই ভাই - এই কথা মনে রাখতে হবে।
সমাবেশে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সন্ধ্যায় তাহিরপুর বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নেতা-কর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।