ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের একটি উঠান থেকে শুক্রবার গভীর রাতে ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের একটি উঠানে শুক্রবার রাতে ইয়াবা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার শান্তিপুর গ্রামের মাদকব্যবসায়ী আক্তার হোসেন (২৮), জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মাদকব্যবসায়ী জুয়েল মিয়া (২২) ও একই উপজেলার কাশিপুর গ্রামের মাদকব্যবসায়ী লালচান মিয়া (৪৭)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ওইদিন দুপুরে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।