স্টাফ রিপোর্টার ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সুনামগঞ্জের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সারা দেশের বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কারের অংশ হিসেবে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪ আসনের দুই নেতার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বহিষ্কৃত সুনামগঞ্জের নেতারা হলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
আনোয়ার হোসেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।