জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার বেরী গ্রামে। আহতরা হলেন বেরী গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম ও তার স্ত্রী কুসুমমালা বেগম। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।
হামলায় আহতরা জানান, ১৪ জানুয়ারি বুধবার দুপুরে তারা স্বামী-স্ত্রী বাড়ির কাজের মালামাল কিনতে জগন্নাথপুর বাজারে আসার পথে হামলার শিকার হন। আহত ফখরুল ইসলাম জানান, পূর্বের মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে বেরী গ্রামের মাস্টার ফারুক আহমদ, দবির মিয়া ও সিরাজুল ইসলাম কালার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হাওরে থাকা শ্রমিকরা তাদের কবল থেকে আমাদের রক্ষা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে মাস্টার ফারুক আহমদ অভিযোগ অস্বীকার করে জানান, ফখরুল ইসলাম ও দবির মিয়া আমার চাচাতো ভাই। তাদের মধ্যে সামান্য ঝগড়া-বিরোধ হয়েছে। এতে দবির মিয়ার লোকজনও আহত হন। এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নই।