স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আলী আকবর নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র জমা নেয়নি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান থাকলেও তিনি সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছান।
জানা যায়, সন্ধ্যা ৭টায় মুফতি আলী আকবর তার সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তাকে জানান যে, নির্বাচনী বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এখন আর মনোনয়নপত্র গ্রহণের কোনো আইনি সুযোগ নেই।
মনোনয়ন জমা দিতে না পেরে মুফতি আলী আকবর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়ন জমা নেওয়ার অনুরোধ জানান। তবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আইনের বাধ্যবাধকতা তুলে ধরে আবেদনটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ছিল বিকাল ৫টা পর্যন্ত। তিনি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা ৭টায় আসায় উনার মনোনয়ন গ্রহণ করা হয়নি।