ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়ার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ও কৌশলে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে। পরে ওয়্যারড্রোবের তালা ভেঙে ফেলে এবং সেখান থেকে নগদ টাকা, স্বর্ণ ও রূপাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বৃহ¯পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। বাড়িতে আমার স্ত্রী, ছোট বোন ও ভাগনি ছিল। ওইদিন রাত ১২টার পর এই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বুধবার বিকেলে বাড়িতে চলে আসি। চোরেরা নগদ ৭৫ হাজার টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।