স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জারিকৃত নির্বাচনী আচরণবিধি এবং বিদ্যমান আইন বাস্তবায়নে তাহিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাদাঘাট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে ও কয়েকটি যানবাহনে টাঙানো নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার শনাক্ত করে তা অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট না পরা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা অর্থদ- আদায় করা হয়।
এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত খাদ্যপণ্য, মসলা ও আয়ুর্বেদিক পণ্যসহ ক্ষতিকর সামগ্রী মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাহিরপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।