স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জব্দ করা ৩১টি ভারতীয় গরুর প্রাণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত ছয় দিন আগে সদর মডেল থানা পুলিশের অভিযানে এসব গরু জব্দ করা হলেও এখনো নিলামের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রচ- শীতের মধ্যে গরুগুলো বাঁচবে কিনা-এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
আটককৃত গরুগুলো নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও তীব্র শীত, খোলা স্থান এবং পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে গরুগুলোর প্রাণ ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার বিকাল সাড়ে তিনটায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ শহরের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ির ঘাটে গরুবাহী নৌকাটি পরিদর্শন করেন। এ সময় নদীর পাড়সংলগ্ন চলাচল সড়কের পাশে এক ব্যক্তিকে একটি গরুর শরীরে তাপ দিতে দেখা যায়। প্রশ্ন করলে ওই ব্যক্তি জানান, শীতের কারণে গরুগুলো কাঁপছিল। কী করবেন বুঝতে না পেরে তিনি আগুন জ্বালিয়ে তাপ দেয়ার চেষ্টা করছি।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে একটি গরুবাহী নৌকা আটক করে পুলিশ। অভিযানে নৌকাসহ ৩১টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলো বর্তমানে আইনানুগ প্রক্রিয়ায় নিলামের প্রস্তুতির মধ্যে রয়েছে।
এদিকে, শীতের তীব্রতায় গরুগুলো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিনের বেলায় আগুন জ্বালিয়ে তাপ দেওয়ার ব্যবস্থা করা হলেও খোলা স্থানে রাখার কারণে গরুগুলোর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান, নিলামের প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় এর আগেই গরুগুলোর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নিলাম প্রক্রিয়া স¤পন্ন করা অথবা উপযুক্ত আশ্রয় ও পশু চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, আটককৃত ভারতীয় গরুবাহী নৌকায় একটি গরু মারা গেছে। বাকি গরুগুলোর নিলামের জন্য আদালতে আবেদন করা হয়েছে।