সুনামকণ্ঠ ডেস্ক ::
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, শনিবার রাতে ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করা হয়। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ১৮ ডিসেম্বর রাতে রাতে একদল দুর্বৃত্ত ধানমন্ডির ছায়ানট ভবনে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। তবে এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।