স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে এ পর্যন্ত জেলার ৩টি আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী ও তাদের কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. সামিউল হক সানি।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রার্থীদের আচরণ বিধি মানার ক্ষেত্রে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।