দিরাই প্রতিনিধি ::
দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে ঘটনাটি ঘটে।
ইসলাম উদ্দিনের বড়ভাই আলী হোসেন জানান, ওই গ্রামের তদরিছ মুয়াজ্জিনের ছেলে বাংলা ভাই ও ইউপি সদস্য সাজ্জাত মেম্বারের লোকজন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গুরুতর আহত আজিমুল মিয়া (৬৫), সোহান মিয়া (১৮), এমেল মিয়া (২৫), আইবুর মিয়া(৬০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।