ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের জন্য প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি গঠনের লক্ষ্যে উপজেলার জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক কৃষক অংশ নেয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই গণশুনানি হয়।
ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক ইসকান্দর মিয়া, আব্দুর রহিম, দিলোয়ার হোসেন, রবিউর রহমান, সালাহ উদ্দিন, শাহীন মিয়া প্রমুখ।