ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ছাদরা বিল জলমহালে থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে পাখি শিকারির ফাঁদে আটকা পড়া দুই শতাধিক শালিক ও বাবুই পাখি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৮ ডিসেস্বর) সন্ধ্যা সাতটার দিকে এসব পাখিগুলো আকাশে অবমুক্ত করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা রুমান মিয়া (৩৪) বলেন, ছোটবেলায় পাখির কিচির মিচির শব্দে আমাদের ঘুম ভাঙত। স্থানীয় পাখি শিকারিরা অবাধে পাখি শিকার করায় বেশ কিছু জাতের পাখি এখন বিলুপ্তির পথে। অ্যাসিল্যান্ড মহোদয়ের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ সোমবার বেলা ১টার দিকে উপজেলার বিভিন্ন জলমহালে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযানে বের হন। বিকেল পাঁচটার দিকে তিনি খবর পান উপজেলার ছাদরা বিল জলমহালে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। তিনি তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে যান এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জলমহালে অভিযান চালান। অভিযান টের পেয়ে এক পাখি শিকারি ফাঁদ ভর্তি পাখি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি এগুলো আকাশে অবমুক্ত করে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, পাখি শিকার ও নিধন প্রতিরোধে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরি। পাখি শিকার অপরাধ। পাখিকে বাঁচানো মানে প্রকৃতিকে বাঁচানো, আর প্রকৃতিকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যতকে নিরাপদ করা। পাখি নিধন বন্ধে আমাদের অভিযান বন্ধ থাকবে এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।