জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে হাসিনা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে কুশিয়ারা নদীঘাটে গোসল করতে নামেন গৃহবধূ হাসিনা বেগম। তিনি গোসলে নেমে নদীর পানিতে ডুব দিলেও আর ভেসে উঠেননি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে জাল ফেলে উদ্ধার তৎপরতা চালানো হলেও তার কোন সন্ধান মিলেনি। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, দুপুরে কুশিয়ারা নদীঘাটে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূর সন্ধান এখনো মিলেনি।