স্টাফ রিপোর্টার ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। কর্মবিরতি চলাকালে নেতৃবৃন্দ বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে আমরা অবহেলা ও বৈষম্যের শিকার। সরকারি কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, আমরা রোগীদের সেবায় সদা নিয়োজিত এবং দায়িত্বশীল। তবে ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ একেএম জাকারিয়া। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক জুবায়ের আহমদ। এতে আরও বক্তব্য রাখেন প্রচার স¤পাদক জুলকারনাইন, সাংগঠনিক স¤পাদক খালেদ, কাজী শাফি উদ্দিন, নাজমুল হোসেনসহ আন্দোলনরত অন্যান্য নেতৃবৃন্দ।