স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি পূর্বপাড়ায় ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম স্বাধীন (১৪) পূর্ব মাইজবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, স্বাধীন বিকেলে মাঠ থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরছিল- এমন সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।