স্টাফ রিপোর্টার ::
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের ব্যানারে এই আন্দোলন চলে। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে এবং জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শামীম মন্ডল, জুলকার নাইম, মো. মাইন উদ্দিন, শাহ মো. জাকির হোসেন প্রমুখ।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ৩০ নভেম্বর রবিবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছিল। দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন- নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার ‘শাটডাউন’ পালন করা হবে। তবে, কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য জরুরি সেবা চালু রাখা হবে।