স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত সভায় কবি মমিনুল মউজদীনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।।
সভায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠের সহ-সভাপতি সাজাউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনুপ তালুকদার। আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। এছাড়া আলোচনায় অংশ নেন লেখক এনামুল কবির, মোহাম্মদ হাবিবউল্লাহ, শম্পা শিমু, মোছায়েল আহমেদ, আহমেদ নুর, সুরঞ্জিত গুপ্ত, আদিল রহমান, জয়ন্ত পাল, জালাল উদ্দিন নাসিমসহ অন্যান্য সাহিত্য-সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মমিনুল মউজদীন একজন আলোকিত মানুষ ছিলেন। একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধি হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। সুনামগঞ্জের মানুষ এখনো তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করে। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, মমিনুল মউজদীন শুধু একজন প্রশাসনিক ব্যক্তি বা জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন মরমি চেতনার কবি। তাঁর সাহিত্য ও মানবিক মূল্যবোধ তাকে মানুষের হৃদয়ে চিরজীবী করে রাখবে।
উল্লেখ্য, মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে আসার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরানসহ নিহত হন।