ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুরঘাট এলাকা থেকে শনিবার গাঁজাসহ কাজল মিয়া (২২) ও সাদিয়া আক্তার (২০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ব্রহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী কাজল মিয়া (২২) ও একই জেলার আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী সাদিয়া আক্তার (২০) শনিবার রাত আড়াইটার দিকে একটি রেকসিনের ব্যাগের ভেতরে পলিথিনের কাগজে মুড়িয়ে গাঁজা নিয়ে উপজেলার মুক্তারপুর ঘাটে অবস্থান করছিলেন। খবর পেয়ে শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজা জব্দ করাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এছাড়া ওই দুইজনের বিরুদ্ধে দেশের অন্যান্য থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে ওই দুজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।