স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর (কেজাউড়া) এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য অময়া বিশ্বাসকে পরে সিলেটে প্রেরণ করা হয়।
আহতদের স্বজন রঞ্জিত বিশ্বাস বলেন, বাবার মৃত্যুর পর স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রায় দেড় বছর আগে প্রতিপক্ষকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হয়। সোমবার সকালে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বাগান করার উদ্দেশ্যে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং এক পর্যায়ে মা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের দিলীপ বিশ্বাস বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে সীমা নির্ধারণ হলেও চূড়ান্ত ভাগ হয়নি। তারা আমাদের জায়গায় এসে বাগান করতে চাইলে বাধা দেওয়া হয়। তবে তিনি অময়া বিশ্বাসের গায়ে হাত তোলেননি বলে দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সরস্বতী বিশ্বাস জানান, দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত এই বিরোধ থেকেই সোমবার সকালে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। এদিকে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।