স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শান্তিগঞ্জ থানার ধনপুর গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়া (৪০) এবং সুনামগঞ্জ সদর থানার মদনপুর গ্রামের বাসিন্দা মো. আফরোজ মিয়া (২৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে জুয়েল মিয়া ও আফরোজ মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই তানজির আহামেদ। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।