স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ইন্সটিটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা আগামী দুই কর্মদিবসের মধ্যে অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীরা বলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে পদায়নের আগে যেসব প্রতিষ্ঠানে এই অধ্যক্ষ চাকরি করেছেন সেসব প্রতিষ্ঠানে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। যার প্রমাণাদি আমাদের কাছে আছে। তাকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন করায় আমরা অবাক ও ব্যথিত হয়েছি। তারা বলেন, একজন শিক্ষক হিসেবে দায়িত্বপালন করার যতগুলো নৈতিক যোগ্যতা তার থাকা দরকার তিনি তা হারিয়েছেন। এই অধ্যক্ষের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদও আমাদের নজরে এসেছে যেখানে অধ্যক্ষের নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয়েছিল। বিতর্কিত এই অধ্যক্ষকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন আমরা কোনোভাবেই মানবো না। যদি কর্তৃপক্ষ তাকে আগামী দুই কর্মদিবসের মধ্যে এখান থেকে সরিয়ে না নেন, তাহলে আগামী সপ্তাহে আমরা রাজপথে নামতে বাধ্য হব।
এর আগে গত ৩০ অক্টোবর সকালে অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি বাস্তবায়ন করে একাডেমিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।