সুনামকণ্ঠ ডেস্ক ::
দাবি আদায় না হলে ও প্রজ্ঞাপন জারি না করলে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ ছেড়ে দেওয়ার আগে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব শিক্ষক দেলাওয়ার হোসেন আজিজী।
জোটের সদস্যসচিব বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করব। আমরা এখন শহীদ মিনারের দিকে অবস্থান নেব। কালকের মধ্যে যদি আমাদের তিন দফা দাবি না মানা হয়, তাহলে লংমার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। দরকার হলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের এক দফা দাবি দেব। কিন্তু আমাদের দাবি মানতেই হবে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা সাড়ে তিন ঘণ্টা শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন।
গত রোববার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক।