গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:২৪:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
বিগত ১৭ বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন, লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে এসব ঘটনার বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেছেন, অতীতের প্রতিটি অন্যায়ের বিচার হবে। দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলাও অব্যাহত থাকবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কায়েছের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, স্বৈরশাসকেরা বিগত ১৭ বছর দেশে যে নৈরাজ্য চালিয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। ইলিয়াস আলীসহ ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ১ হাজার ৪০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। লক্ষ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এসব অন্যায়ের প্রতিটির বিচার হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এসব দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে, উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, তখন সন্ত্রাস মোকাবিলাও চলবে। সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথিসহ অন্যান্য নেতারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান রাজুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে জেলা যুবদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com