শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৮:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৯:২৫ পূর্বাহ্ন
শহীদনূর আহমেদ::
হাওরের বুক চিরে নির্মাণ হচ্ছে শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগবঞ্চনা ঘোচানোর পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করেছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার এই প্রকল্প। কিন্তু নির্মাণকাজের ধীরগতিতে সেই সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বর্ধিত সময়ের মধ্যেও প্রকল্পের কাজ শেষ হবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন হাওরবাসী। তাঁদের অভিযোগ, বর্ষা ও বৈরী আবহাওয়ার অজুহাতে কাজের গতি কম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবও এর জন্য দায়ী। স্থানীয়দের মতে, নৌযাননির্ভর শাল্লাসহ হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই সড়ক। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার কমিয়ে আনার সম্ভাবনাও রয়েছে। অথচ বছরের পর বছর ধরে প্রকল্পের কাজ চললেও কাক্সিক্ষত অগ্রগতি না থাকায় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে হতাশা। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-সরাইল হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ থেকে দিরাই পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং দিরাই থেকে মদনপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ রয়েছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ছোট-বড় ১৯টি সেতু। ২০২১ সালে মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হয়। ২০২২ সালের বন্যার পর নকশায় পরিবর্তন এনে দিরাই-মদনপুর অংশ যুক্ত করা হয়। প্রকল্পটি ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হাওরাঞ্চলে ঘনঘন বন্যা, বর্ষা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শেষ না হওয়ায় আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পের কাজের বর্তমান গতি নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় কাটছে না। এলাকাবাসী জানান, শাল্লা একটি প্রত্যন্ত উপজেলা। বছরের অধিকাংশ সময় নৌপথের ওপর নির্ভর করে চলাচল করতে হয় এখানকার মানুষকে। বিশেষ করে জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে নৌপথই একমাত্র ভরসা হলেও শুকনো মৌসুমেও যোগাযোগব্যবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। অলওয়েদার সড়কটি চালু হলে এই দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তাঁদের প্রত্যাশা। স্থানীয় গণমাধ্যমকর্মী দিলোয়ার হোসেন বলেন, শাল্লা একটি প্রত্যন্ত উপজেলা। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সূচকে পিছিয়ে। আমরা আশা করছি দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ সড়ক বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই সড়কের অর্থনৈতিক গুরুত্ব অনেক। জেলা শহর ও ঢাকার সাথে সহজেই যোগাযোগ করা যাবে। যা আগে কল্পনাও করা যেতে না। শিক্ষিকা পল্লবী রাণী দাস বলেন, এই স্বপ্নের সড়কের জন্য অপেক্ষায় লাখো মানুষ। নৌনির্ভর যাতায়াতের কারণে এই এলাকার মানুষে জীবনমান নি¤œগামী। আশা করি এই সড়ক শাল্লাবাসীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন নিয়ে আসবে। ব্যাংক কর্মকর্তা আনিসুল হক মুন বলেন, কাজের গতি নিয়ে আমরা হতাশ। কয়েক মাস কাজ করার পর বর্ষা আসলে কাজ বন্ধ থাকে। বছরে বছরে মেয়াদ বাড়ানো হয়। এখনো অনেক কাজ বাকি। যে গতিতে কাজ চলছে, তাতে আরও দুই বছরেও শেষ হবে কি না সন্দেহ রয়েছে। আমরা চাই, আমাদের স্বপ্নের সড়কের কাজ বর্ধিত মেয়াদের মধ্যেই শেষ হোক। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকল্পটি জনজেবি এসবিএসসহ যৌথভাবে আরও চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। কাজের অগ্রগতি ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার পরিকল্পনা জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। একাধিক ঠিকাদারের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, হাওরাঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও দীর্ঘ বর্ষার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে বর্ধিত মেয়াদের মধ্যে কাজ স¤পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, হাওরাঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। বর্ধিত মেয়াদের কাজ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করতে আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে। কাজের মান নিশ্চিত করতেও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। উল্লেখ্য, শাল্লার প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালে প্রথমবারের মতো এই সড়কের নির্মাণকাজ শুরু হয়েছিল। ২০১৭ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা স¤পন্ন হয়নি। ওই পর্যায়ে প্রায় ৯২ কোটি টাকার বিল উত্তোলন করা হলেও সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। হাওরের ঢেউয়ের আঘাতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও বিলীন হয়ে যাওয়ায় প্রকল্পটি অস¤পূর্ণ অবস্থায় পড়ে থাকে। দীর্ঘদিনের ভোগান্তি ও অপেক্ষার পর নতুন করে শুরু হওয়া বৃহৎ এই প্রকল্প নিয়ে হাওরবাসীর প্রত্যাশা অনেক। তাঁদের দাবি, শুধু মেয়াদ বাড়িয়ে নয়, নির্মাণকাজের গতি বাড়ানো, নিয়মিত তদারকি এবং কাজের মান নিশ্চিত করার মাধ্যমে ২০২৭ সালের জুনের মধ্যে সড়কটির নির্মাণ শেষ করতে হবে। অন্যথায় হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আবারও অনিশ্চয়তায় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com