হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৪:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এর মধ্যে সুনামগঞ্জ জেলাতেই এ পর্যন্ত মারা গেছে ৭৬ শিশু। আক্রান্তের সংখ্যায়ও বিভাগে শীর্ষে রয়েছে এ জেলা। এখন পর্যন্ত সুনামগঞ্জে ৯৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তারা হলো তাহিরপুর উপজেলার মোহন মিয়ার পাঁচ মাস বয়সী শিশু সাইম এবং দিরাই উপজেলার সাদিকুর রহমানের এক বছর বয়সী শিশু তানহা। অপর শিশুটি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার শামীম আহমদের নয় মাস বয়সী সন্তান আবিদুর রহমান। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে সুনামগঞ্জের ৭৬ জন। এছাড়া সিলেটে ১০৭, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে বিভাগে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৯২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৬৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন চিকিৎসা নিচ্ছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com