সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আতিক মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার (২১ নভেম্বর) সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আতিক মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। এছাড়াও বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলাওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ৪৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এ ছাড়া সিলেটে ৩২০ জন, সুনামগঞ্জে ২৭৮ জন এবং মৌলভীবাজারে ৯৭ জন শনাক্ত হয়েছেন। বাকি ৩৪ জন রোগী দেশের বিভিন্ন জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে হবিগঞ্জের তিনজন, সিলেটের দুজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুর রহমান বলেন, গত শনিবার ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বিলম্বে তথ্য প্রাপ্তির কারণে বৃহস্পতিবারের প্রতিবেদনে মৃত ব্যক্তির তথ্য যোগ করা হয়েছে।