নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৩১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৩১:৪৩ পূর্বাহ্ন
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ নয়; এটি সমাজের নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের গভীর সংকটের বহিঃপ্রকাশ। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা যেভাবে বাড়ছে, তা শুধু উদ্বেগজনক নয়, রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেতও বটে। অপরাধের ভয়াবহতা যেমন বাড়ছে, তেমনি প্রশ্ন উঠছে- নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের বিদ্যমান আইন, বিচারব্যবস্থা ও সামাজিক প্রতিরোধ কতটা কার্যকর? হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সাম্প্রতিক প্রতিবেদন পরিস্থিতির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। আরও উদ্বেগের বিষয়, ধর্ষণের শিকার ৭৫৯ জনের মধ্যে ৪৩৪ জনই শিশু ও কিশোরী। যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা, যৌতুকের কারণে হত্যা এবং ধর্ষণের পর হত্যার ঘটনাও বেড়েছে। এই পরিসংখ্যান কেবল কিছু সংখ্যার হিসাব নয়। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি বিপর্যস্ত জীবন, একটি পরিবারের কান্না, একজন মানুষের স্বপ্নভঙ্গ এবং সমাজের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা। বিশেষ করে শিশুদের ওপর যৌন সহিংসতা প্রমাণ করে, পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জনপরিসর - কোথাও শিশুরা পুরোপুরি নিরাপদ নয়। যে বয়সে তাদের খেলাধুলা, পড়াশোনা ও স্বপ্ন দেখার কথা, সে বয়সে তাদের নির্যাতন ও আতঙ্কের মুখোমুখি হতে হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতি বড় ভূমিকা রাখছে। অপরাধ সংঘটনের পর অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তাঁদের পরিবারকে সামাজিক চাপ, ভয়ভীতি এবং নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অন্যদিকে দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও অপরাধীর পার পেয়ে যাওয়ার প্রবণতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলতে পারে। ফলে শুধু আইন প্রণয়ন কিংবা কঠোর শাস্তির বিধান থাকলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় যেন বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে আইনের প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। পরিবারে শিশুদের নিরাপত্তা ও সম্মতির শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং জনপরিসরে নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। নারীকে অধস্তন এবং শিশুকে দুর্বল মনে করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধের বিরুদ্ধে পরিবার, সমাজ, গণমাধ্যম ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। নারী ও শিশুর নিরাপত্তা কোনো বিশেষ শ্রেণির দাবি নয়; এটি একটি সভ্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের মৌলিক শর্ত। নির্যাতনের পরিসংখ্যান প্রতিবছর বাড়বে, আর আমরা কেবল উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করব - এমন পরিস্থিতি চলতে পারে না। প্রতিটি নারী ও শিশুর জন্য নিরাপদ জীবন নিশ্চিত করাই হোক রাষ্ট্র ও সমাজের অগ্রাধিকার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com