মল্লিকপুরে ৭১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার জুয়েল মিয়া সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা। বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ওয়েজখালী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় মল্লিকপুর এলাকার আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পায় দলটি। পরে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের হেফাজতে ইয়াবা ট্যাবলেট থাকার কথা জানান। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩৭টি কালো রঙের বায়ুরোধক প্যাকেটের ভেতর থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুয়েল মিয়া (৪৪) তাহিরপুর উপজেলার কাকুন্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে উদ্ধার করা ইয়াবাসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com