স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে রাখাল বালক ইমন মিয়া হত্যা মামলায় সায়মন (সাইমুন) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত সায়মন ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল। সে পলাতক রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমনের মা রুজিনা বেগম ওমানে প্রবাসী থাকায় ইমন ও তার ছোট ভাই জীবন মিয়া শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামে মামা নাছির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। এ সময় তারা স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী আজাদ মিয়ার বাড়িতে গরু রাখালের কাজ করতেন। কাজের সুবাদে আজাদ মিয়ার দোকানের কর্মচারী সায়মনের সঙ্গে ইমনের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে, ফার্নিচারের দোকানের পাশের একটি বাড়ির এক নারীর সঙ্গে সায়মনের পরকীয়া সম্পর্ক ছিল। ওই নারীর বাড়িতে ইমনের মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতেন সায়মন। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর পরিবারের সদস্যরা ইমনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। ২০২১ সালের ৩ মার্চ রাতে সায়মন ওই নারীর বাড়িতে আবারও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ইমনকে পাঠাতে চাইলে সে রাজি হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সায়মন ফার্নিচারের দোকানে থাকা গরু জবাইয়ের ছুরি দিয়ে ইমনের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় ইমনের মামা নাছির উদ্দিন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে সায়মনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল বলেন, দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে এ রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ রায়ের মধ্য দিয়ে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।