মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:১৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:৪১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় দৈনিক সুনামকণ্ঠের গ্রাফিক্স ডিজাইনার মিল্লাত আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পাশাপাশি তাঁর জ্যাকেটের পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মিল্লাত আহমেদ।
অভিযুক্তরা হলেন, তেঘরিয়া মড়লহাটির নূর ইসলামের ছেলে কালাম মিয়া (৩০), লম্বা হাটির হারিছ মিয়ার ছেলে মুবিন (৩০) এবং পশ্চিম তেঘরিয়ার আব্দুর রহমানের ছেলে আবু সিদ্দিক (২৫)।
লিখিত অভিযোগে মিল্লাত আহমেদ উল্লেখ করেন, অভিযুক্তরা প্রায়ই রাস্তাঘাটে তাঁর পথরোধ করে মাদক সেবনের জন্য টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা উল্টাপাল্টা কথাবার্তা বলাসহ মারধরের হুমকি দিতেন।
অভিযোগে তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম তেঘরিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করে মাদক সেবনের জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তাঁর পরিহিত জ্যাকেটের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ বলেন, অভিযোগটি এখনো আমার হাতে পৌঁছায়নি। হয়তো ডিউটি অফিসারের কাছে রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সাংবাদিকের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com