আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত : রিজভী

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত মিছিলের আগে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এর পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, কোথাও ভয়ংকর নীলনকশা চলছে। তিনি বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ ঘটনার দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়েছেন দেশে ফেরার জন্য। তার পেছনে কে শক্তি জোগাচ্ছে এবং কার ইচ্ছা ও জোরে তিনি বিমান চাইলেন, সেই প্রশ্ন রয়েছে। আইনের প্রতি সত্যিকারের সম্মান থাকলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় লড়তেন। রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com