দিরাইয়ে মাদকবিরোধী সমাবেশ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৪২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫৮:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে মাদকবিরোধী গণসমাবেশ আয়োজন করায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. মোক্তার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি। সোমবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন তিনি। মোক্তার হোসেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের মৃত মৌলভী রুহুল আমিনের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লৌলারচর মিলনবাজার এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় স্থানীয় সচেতন ব্যক্তিদের নিয়ে একটি ‘মাদকবিরোধী নির্মূল কমিটি’ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর স্থানীয় মিলনবাজারে মাদকবিরোধী গণসমাবেশের আয়োজন করা হয়। অভিযোগে বলা হয়, ওই সমাবেশ আয়োজনের জেরে ক্ষুব্ধ হন লৌলারচর গ্রামের ক্ষিতিন্দ্র দাস (৩৫) ও তার সহযোগীরা। গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে মিলনবাজারের তালুকদার মার্কেটের সামনে রাস্তায় মোক্তার হোসেনের পথরোধ করেন ক্ষিতিন্দ্র দাসসহ অজ্ঞাতনামা ৮-১০ জন। এ সময় এলাকায় মাদকবিরোধী কোনো সমাবেশ বা প্রতিবাদ করলে তার বাড়িঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোক্তার হোসেনের দাবি, মাদক কারবারি ও তাঁদের আশ্রয়দাতারা প্রতিনিয়ত তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তাদের বাড়ি বা দোকানে মাদকদ্রব্য রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে। মাদকবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অতীতের একটি রাজনৈতিক বক্তব্যের ভিডিও প্রচার করে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মোক্তার হোসেন আরও জানান, এ ঘটনায় দিরাই থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ক্ষিতিন্দ্র দাস বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ স¤পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। আমি একজন নিরীহ মানুষ। মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে সংসার চালাই। মোক্তার এলাকায় মামলা-মোকদ্দমা করে বেড়ান। আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই তিনি এমন অভিযোগ করেছেন। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তবে অভিযোগ দেওয়ার পর অভিযোগকারী থানায় আর কোনো যোগাযোগ করেননি। যোগাযোগ না করেই তিনি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছেন। তারপরও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com