স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বর্তমান ও সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধ সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার পর গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), একই গ্রামের বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ (২৫) এবং শাহগঞ্জ গ্রামের সোহেল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধের কাঁচা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সমবেত হন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের দাবি, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাহিরপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকের জন্য সেখানে সমবেত হয়েছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় একটি লাল-কালো রঙের পুরোনো ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।