স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের স্থানীয় অবকাঠামো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকারও বেশি বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে ১০০টি প্রকল্পে ৩ কোটি টাকারও বেশি অর্থের চেক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর ও লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চেক হস্তান্তর করা ১০০টি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অপরদিকে, লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদাররা ৭৭টি প্রকল্পের আওতায় রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর আগমনের মধ্য দিয়ে সুনামগঞ্জের মানুষের প্রত্যাশার সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। আমরা অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছি।
তিনি আরও বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি টাকারও বেশি অর্থের ১০০টি চেক হস্তান্তর করছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁর সদিচ্ছাতেই আমরা এসব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। তাঁর সহযোগিতায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনেও প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা আরও ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত থাকলে সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। জেলার মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় এবং নির্ধারিত কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মিজানুর রহমান চৌধুরী বলেন, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারদের নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ স¤পন্ন করতে হবে। প্রকল্পের কাজে গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করলে কিংবা শিডিউল অনুযায়ী কাজ স¤পন্ন না করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলার প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।