জামালগঞ্জে গভীর রাতে কেন্দ্রীয় যুবদল নেতার মার্কেটে আগুন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৬:৫৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:৫৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সরকারের মালিকানাধীন একটি মার্কেটে গভীর রাতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে মার্কেটের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। দোকানের ভাড়াটিয়া আশিক মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা তাঁর দোকানের এক পাশে আগুন লাগিয়ে চলে যায়। এ সময় বাজারের পাহারাদার আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন, ঘটনাস্থলে পুলিশসহ স্থানীয় লোকজন জড়ো হয়েছেন। আশিক মিয়া আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তাঁর দোকানসহ পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যেতে পারত। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান সরকারের মার্কেটে যারা আগুন লাগানোর সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। শান্তিপ্রিয় জামালগঞ্জকে আগুন-সন্ত্রাসের মাধ্যমে যারা অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের সাংগঠনিকভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি। শিগগিরই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানসহ অন্যরা। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বন্দে আলী বলেন, বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান সরকারের ভাড়াটিয়ার ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাজারের পাহারাদার ও আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com